বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জাহিদ হাসান আনন্দ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিচয় ও পেশা

নিহত জাহিদ হাসান আনন্দ মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। পেশায় অটোরিকশাচালক হলেও তিনি চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ আরও কয়েকজনের সঙ্গে মিলে ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইন থেকে তার চুরির পরিকল্পনা করে। এর মধ্যে একটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফ্যাক্টরির পেছনের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ওই তারের একটি অংশ কেটে সামনের দিকে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সচল অপর লাইনের তারের সঙ্গে তাদের হাতে থাকা তারটির স্পর্শ লাগে। এতে বিদ্যুৎ সংযোগ ঘটে এবং জাহিদ হাসান আনন্দ বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সে সময় তাকে ফেলে রেখেই পালিয়ে যায় তার সহযোগীরা। খবর পেয়ে মধ্যরাতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহযোগীদের আটক

বৃহস্পতিবার সকালে ঘটনাটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে তারা আনন্দের দুই সহযোগী, একই এলাকার সাইফুলের ছেলে আশিক এবং বাঘেরপাড়া এলাকার অরুণের ছেলে খাইরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাদের কাছ থেকে চুরি করা তারও উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশের বক্তব্য

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ