সাতক্ষীরার তালা উপজেলায় বাসের চাপায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার বাবাও আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে খুলনা–পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষক। পরিবারের গ্রামের বাড়ি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। তবে চাকরির কারণে তারা খুলনার চুকনগরে বসবাস করতেন। কুশলের মা-বাবা দুজনই শিক্ষক।
স্থানীয় বাসিন্দা আবদুর সবুর জানান, সকালে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলেকে তালায় বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তার বাবা। স্থানীয় লোকজন আহত কানাই লাল সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আইনগত ব্যবস্থা
তালা থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



