জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভায় বিস্ফোরণের ঘটনায় স্বচ্ছতার সঙ্গে কঠোর ব্যবস্থা নেবে সরকার। আজ মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিষয়টি উত্থাপন করলে আইনমন্ত্রী এ আশ্বাস দেন।
সংসদে এনসিপির অভিযোগ
আখতার হোসেন বলেন, গতকাল সোমবার সাভারে পথসভায় বিস্ফোরণ ঘটানো হয়, যা ভয়াবহ ছিল। এতে অনেকেই হতাহত হন, রক্তাক্ত হন এবং শ্রোতারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তিনি বলেন, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ তাঁরা মঞ্চে ওঠার আগে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। বিদ্যুতের জন্য যোগাযোগের চেষ্টা করেও সফল হননি।
এনসিপির সদস্যসচিব আরও বলেন, বিরোধী দলকে সমাবেশ করার অধিকার সংবিধান দিয়েছে। কিন্তু কেন সে সময় বিদ্যুৎ থাকবে না? কেন বিদ্যুৎ নিয়ে যাওয়া হলো? সরকারি দলের কাছে জবাবদিহি চান তিনি।
জুলাই পদযাত্রায় বাধার অভিযোগ
আখতার হোসেন অভিযোগ করেন, তাঁরা জুলাই নিয়ে কর্মসূচি ঘোষণা করলে ‘জুলাইয়ের পতিত শক্তিরা’ নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এর আগেও এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, এনসিপির সভা চলাকালে বিদ্যুৎ চলে যাওয়া ও বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না?
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আখতার হোসেনকে বিষয়টি নিয়ে নোটিশ দেওয়ার অনুরোধ করেন।
আইনমন্ত্রীর আশ্বাস
পরে ফ্লোর নিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কিছু কথা বলেন। তিনি বলেন, ‘সংসদ সদস্য আখতার হোসেন যে বিষয়টা অবতারণা করেছেন, তা আমরা খুব গুরুত্বসহকারে দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি, এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সঙ্গে ততটা কঠোর পদক্ষেপ সরকার নেবে।’
প্রসঙ্গত, সোমবার সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণে অন্তত ৪১ জন আহত হন।



