নদী পুনঃখননে মাটি ফেলায় আশ্রয়ণ প্রকল্পের শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত
নদী পুনঃখননে মাটি ফেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর ক্ষতিগ্রস্ত

খুলনার ডুমুরিয়া উপজেলায় নদী পুনঃখনন কাজে উত্তোলিত মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ির পাশে ও ওপরে ফেলায় শতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তাদের বসবাস অনিরাপদ হয়ে পড়েছে। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করে।

উন্নয়ন প্রকল্পে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, নদী পুনঃখনন একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ হলেও কোনো উন্নয়ন কার্যক্রম মানুষের জীবন, আবাসন, নিরাপত্তা ও মর্যাদাকে বিপন্ন করে পরিচালিত হতে পারে না। সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী, খননকৃত মাটির চাপে ঘরবাড়িতে ফাটল সৃষ্টি হয়েছে, টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক পরিবার আতঙ্কের মধ্যে অবস্থান করছে। এসব ঘটনা প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনার ঘাটতি, ঝুঁকি মূল্যায়নের অভাব এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তার প্রতি পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ার ইঙ্গিত বহন করে।

পুনর্বাসিত পরিবার আবারো বাস্তুচ্যুতির শঙ্কায়

বিশেষভাবে উদ্বেগজনক হলো—যেসব পরিবার একসময় ভূমিহীন ও গৃহহীন ছিল এবং রাষ্ট্রের সহায়তায় পুনর্বাসিত হয়েছে, তারাই আবারও বাস্তুচ্যুতি ও অনিরাপদ জীবনের আশঙ্কার মুখে পড়েছে। একটি উন্নয়ন প্রকল্পের কারণে অন্য একটি রাষ্ট্রীয় পুনর্বাসন উদ্যোগ ক্ষতিগ্রস্ত হওয়া প্রশাসনিক সমন্বয়ের গুরুতর ব্যর্থতার পরিচায়ক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবিধান ও আন্তর্জাতিক আইনে অধিকার

বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদে নাগরিকের মৌলিক প্রয়োজন পূরণের রাষ্ট্রীয় দায়িত্বের কথা বলা হয়েছে এবং ৩১ ও ৩২ অনুচ্ছেদে ব্যক্তি-নিরাপত্তা ও আইনের আশ্রয় লাভের অধিকার স্বীকৃত হয়েছে। একইভাবে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র অনুযায়ী নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের অধিকার একটি মৌলিক মানবাধিকার। কাজেই, রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের এই অধিকারগুলোকে সম্মান, সুরক্ষা ও নিশ্চিত করা।

আসকের জরুরি আহ্বান

আইন ও সালিশ কেন্দ্র (আসক) অবিলম্বে ক্ষতিগ্রস্ত আশ্রয়ণ প্রকল্পে একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ঝুঁকিপূর্ণ ঘরগুলো মেরামত বা পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।