খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ২
মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছেন।

দুর্ঘটনার বিবরণ

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতির শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।

মৃতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষায় রাস্তা ভেঙে যাওয়ার কারণে ফজর আলী নামে পাশের বাড়ির এক ব্যক্তি মালেকের ঘরের বারান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। রাতভর চার্জ শেষে জানালার গ্রিলের সঙ্গে মাল্টিপ্লাগ ঝুলিয়ে অটোরিকশা নিয়ে চলে যান। শুক্রবার দুপুরে মাল্টিপ্লাগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন মালেক। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী ও ছেলে আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও হাসপাতালে নেওয়া

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। শাহেরার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক আসরাফ উদ্দিন নিশ্চিত করেছেন।

আইনি প্রক্রিয়া

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি অনুযায়ী আইনি কার্যক্রম চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ