জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে টেলিগ্রাম গ্রুপে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অভিযোগের বিবরণ
অফিস আদেশে বলা হয়, ২৬ জুন বাংলাদেশ ইউনিভার্সিটি প্রগ্রেসিভ টিচার্স সোসাইটি নামের একটি টেলিগ্রাম গ্রুপে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বক্তব্য দেন কল্যানাংশু। ওই বক্তব্যের ভিডিও ও অডিও ফুটেজ কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। ভিডিও কনফারেন্সে তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠায় করণীয় তুলে ধরেন এবং সরকারকে উৎখাতের পরিকল্পনা ব্যক্ত করেন, যা বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিপরিপন্থি বলে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে।
তদন্ত ও ব্যবস্থা
১ জুলাই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।



