ময়মনসিংহে জাল নোটসহ দুই তরুণ গ্রেপ্তার, ২৯ হাজার টাকা উদ্ধার
ময়মনসিংহে জাল নোটসহ দুই তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তার অন্তু সাহা ও আবির হাসান

ময়মনসিংহের ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত নয়টার দিকে ফুলপুর থানার বওলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন অন্তু সাহা (২২) ও আবির হাসান (২৩)। অন্তু ময়মনসিংহ নগরের বড় বাজার এলাকার বাসিন্দা। আবিরের বাড়ি ধোবাউড়া উপজেলার আওলাতলী গ্রামে।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, উপজেলার বওলা এমদাদিয়া শাহারিয়া হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণে আব্দুর রহমানের মুদিদোকানে দুই তরুণ গিয়ে বিস্কুট ও সিগারেট কিনে ৭০ টাকা খরচ করেন। এরপর দোকানিকে এক হাজার টাকার একটি জাল নোট দেন। টাকা দেখে দোকানির সন্দেহ হলে আরও কয়েকজনকে দেখান। পরে স্থানীয় ব্যক্তিরা দুই তরুণকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় জাল টাকা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও ১ হাজার ৪০০ টাকা জব্দ করে পুলিশ।

পুলিশের বক্তব্য

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, দুই তরুণ দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন গ্রামের মুদিদোকানদারদের লক্ষ্য বানিয়ে ধোঁকা দিয়ে আসছিলেন। তাঁরা দোকানে গিয়ে সামান্য মূল্যের জিনিসপত্র কিনে ৫০০ বা ১ হাজার টাকার জাল নোট দিতেন। পরে আসল টাকা ফেরত নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। মঙ্গলবার সকালে ফুলপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাল নোট চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ