হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মাগুরার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. মোতাকাব্বীর আহমেদকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন।
অসুস্থতার বিবরণ
জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার রাতে হঠাৎ করেই তীব্র অসুস্থতা বোধ করেন মো. মোতাকাব্বীর আহমেদ। এরপর মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে এবং ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা ও স্থানান্তর
প্রাথমিক চিকিৎসার পরও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত সমস্যা এবং পেটের স্নায়ুজনিত কিছু জটিলতায় ভুগছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত নিই।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরেই তিনি কিছুটা অসুস্থবোধ করছিলেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।



