শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন

শুক্রবার (১০ জুলাই) কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘর উদ্বোধন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সাংস্কৃতিক নিদর্শন পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা

মন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অনেক সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচার ব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন চলেছে। পাশাপাশি কোটি কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিদর্শনকালে উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগরীর সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব আবুল বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ