কুমিল্লার তিতাস উপজেলায় থানার গেটে বাদীর ওপর হামলা করেছে বিবাদী পক্ষের লোকজন। এ সময় ৩ জন আহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের ৩ জনকে আটক করেছে।
আহত ও আটক ব্যক্তিরা
হামলায় আহতরা হলেন- শাহ আলম, রুবেল ও ফাহিম। আটককৃতরা হলেন- তাহের আলী, ফাহিম ও সাগর।
ঘটনার বিবরণ
পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে জায়গাজমি নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ভাতিজা তাহের আলীর আঘাতে চাচা শাহ আলম (৪৩) আহত হন।
আহত শাহ আলম হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দিয়ে বাড়ি যাওয়ার পথে গৌরীপুর-হোমনা সড়কে ধাওয়া করে তাহের আলী, ফাহিম ও সাগর। তারা ভয়ে পুনরায় থানায় চলে গেলে পিছু পিছু এসে থানার সামনেই ফের হামলা করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারী ৩ জনকে আটক করে।
ভুক্তভোগীর বক্তব্য
শাহ আলম বলেন, কিছু দিন পূর্বে ভাতিজা তাহের আলী আমাকে মারধর করেছে। ওই ঘটনায় আমি থানায় অভিযোগ করলে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন। আজকে আবার পুরোনো বিষয় নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা করে তাহের, সাগর ও ফাহিম।
তিনি আরও বলেন, আমি তিতাস হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দিয়ে বাড়ি যাওয়ার পথে আমাদের ওপর হামলা করে। আমরা ভয়ে পুনরায় থানায় চলে আসি। এখানেও এসে রক্ষা পাইনি তাদের হাত থেকে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
পুলিশের প্রতিক্রিয়া
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, থানার গেটে বাদীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



