সিরাজদিখানে এইচএসসি পরীক্ষার্থী অপহরণ: মাকে হুমকি, ভাইও পরীক্ষা দিতে পারেনি
সিরাজদিখানে এইচএসসি পরীক্ষার্থী অপহরণ: মাকে হুমকি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী গত ২৯ জুন থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ছাত্রীর মা আরজু বেগম সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অপহরণের ঘটনা

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মালপদিয়া গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে আনিসা আক্তার মালখানগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী। ২৯ জুন দুপুর ১২টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে মালখানগর কলেজ রোড এলাকা থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মায়ের বক্তব্য

লিখিত অভিযোগে ছাত্রীর মা উল্লেখ করেন, দক্ষিণ তাজপুর এলাকার শামসুল শেখের ছেলে ও তার সহযোগী ৪-৫ জন মিলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগী মা আরজু বেগম বলেন, “আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমনকি আমার ছেলে নাবিলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার মেয়ে নিখোঁজ থাকায় এবং পরিবারের ওপর চলমান আতঙ্কের কারণে আমার দুই সন্তানই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”

পুলিশের পদক্ষেপ

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ