হাইকোর্ট বিভাগের চলমান বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মামলা জট কমাতে এক দিনে মোট ২ হাজার ৪২৫টি দীর্ঘদিনের ঝুলন্ত মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ফৌজদারি মোশন বেঞ্চগুলো ১ হাজার ৮৮৪টি পুরোনো ফৌজদারি মিসেলেনিয়াস মামলা নিষ্পত্তি করে, অপরদিকে রিট মোশন বেঞ্চগুলো ৫৪১টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগ ওই দিন বিভিন্ন বেঞ্চে পুরোনো মামলাগুলো নিষ্পত্তি করে। বিশেষ এই ড্রাইভ শুরু হওয়ার পর চার কার্যদিবসে মোট ১৫ হাজার ১৭২টি ফৌজদারি মিসেলেনিয়াস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।
ফৌজদারি মোশন ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের ঝুলন্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মামলা জট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ মে থেকে শুরু হওয়া এই ড্রাইভে প্রতি সপ্তাহে নির্ধারিত দিনগুলোতে দীর্ঘদিনের ফৌজদারি মিসেলেনিয়াস ও রিট মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়া হয়। বিচার বিভাগের কার্যকারিতা বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আগামী দিনগুলোতেও এই বিশেষ মামলা নিষ্পত্তি উদ্যোগ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



