পাবনায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দুস্থ নারীর ৫০ হাজার টাকা হাতিয়ে নিল চক্র
পাবনায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দুস্থ নারীর ৫০ হাজার টাকা হাতিয়ে নিল চক্র

পাবনার আতাইকুলায় সরকারি ভিজিডি, ভিজিএফ ও ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারক চক্র দুজন দুস্থ নারীর কাছ থেকে প্রায় অর্ধ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে ভুক্তভোগী নারীরা গত ৩ জুলাই আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা নান্নু প্রামাণিকসহ পাঁচ সহযোগীকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী দুই নারীর কাছ থেকে টাকা আদায়

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের দেওয়া তথ্যে জানা যায়, অভিযুক্ত নান্নু প্রামাণিক ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তারা সহজ-সরল লোকজনকে বিশ্বাস করায় যে সরকারি বিভিন্ন ভাতার কার্ড তারা সহজে পাইয়ে দিতে পারে। তাদের কথায় প্রলুব্ধ হয়ে দু মাস আগে শ্রীকোল (লক্ষীকোল) গ্রামের মৃত সেকেন শেখের স্ত্রী মোছা. রুশনী খাতুন ভাতার কার্ডের আশায় নান্নুকে ৩০ হাজার টাকা দেন। একইভাবে একই গ্রামের মোছা. হামিদা খাতুন ধার-দেনা করে ২০ হাজার টাকা তুলে দেন নান্নুর হাতে।

টাকা না ফেরত দিয়ে হুমকি

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভিজিডি, ভিজিএফ কিংবা ফ্যামিলি কার্ডের কোনোটিই তারা পাননি। ভুক্তভোগী রুশনী খাতুন বলেন, “বারবার কার্ডের বিষয়ে জানতে চাইলে নান্নু প্রামাণিক নানা টালবাহানা করে কালক্ষেপণ করতে থাকে। কার্ড না পেয়ে টাকা ফেরত চাইলে সে আমাকে এবং আমার পরিবারকে ভয়ভীতি দেখাতে শুরু করে। আমরা গরিব মানুষ, কষ্টের টাকা হারিয়ে এখন দিশেহারা।” একই ধরনের ক্ষোভ ও কষ্টের কথা জানান হামিদা খাতুনও।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রবাসী ছেলেকেও হুমকি

পারিবারিক সূত্রে জানা গেছে, রুশনী খাতুনের ছেলে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী। তিনি দূরপ্রবাস থেকে মোবাইল ফোনে নান্নু প্রামাণিকের কাছে মায়ের টাকা ফেরত চাইলে নান্নু তাকেও হুমকি দেয়। স্থানীয়ভাবে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির কাছে ঘুরেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নান্নু বাহিনীর বিরুদ্ধে আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

এলাকাবাসী সূত্রে জানা যায়, নান্নু ও তার বাহিনীর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও অভিযোগ রয়েছে। গত ২ জুলাই রাতে শ্রীকোল গ্রামে সন্ত্রাসী কায়দায় এক গৃহবধূর তিনটি আঙুল কেটে নেওয়ার অপরাধেও নান্নু বাহিনীর বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত আনুমানিক ১১টার দিকে নান্নু প্রামাণিক ও তার বাহিনী দুদু মোল্লার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দুদু মোল্লাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। এ সময় হামলাকারীদের নৃশংস কোপে সাবিনা ইয়াসমিনের ডান হাতের তিনটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তারা কাটা আঙুল নিয়ে উল্লাস করেন।

অভিযুক্তরা পলাতক, থানায় তদন্ত চলছে

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান অভিযুক্ত মো. নান্নু প্রামাণিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, “ভুক্তভোগী নারীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”