মুক্তিপণ চেয়ে অপহৃত শিশু উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেফতার
মুক্তিপণ চেয়ে অপহৃত শিশু উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃত দুই বছরের শিশু তাকরিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী স্বামী-স্ত্রী সুজন মিয়া (৩১) ও মাজেদাকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণ

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ফতুল্লার লামাপাড়া এলাকায় হাজী ইমান আলীর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন শিশুটির বাবা তানজিম ও মা মিম আক্তার। একই বাড়িতে ভাড়া থাকতেন সুজন মিয়া ও তার স্ত্রী মাজেদা। তারা প্রায়ই তানজিমের ঘরে এসে দুই বছরের শিশু তাকরিমকে আদর করতেন।

অপহরণ ও মুক্তিপণের হুমকি

গত ১২ জুন সকালে সুজন ও মাজেদা তাকরিমকে কোলে নিয়ে পালিয়ে যায়। এরপর শনিবার রাত ১টা ৫৩ মিনিটে ‘ইন্দিয়া মানব গোষ্ঠী’ নামের একটি ইমু আইডি থেকে শিশুর বাবাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং টাকা না দিলে শিশুকে হত্যার হুমকি দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের তৎপরতা

বিষয়টি থানায় জানালে পুলিশ দ্রুত প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে রোববার রাতে শহরের চাষাঢ়া থেকে শিশুটিকে উদ্ধার করে এবং সুজন ও মাজেদাকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি মাহবুব আলম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ