ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উত্তরা ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার গোপীনাথপুর বাজারে ওই ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিচয় ও পটভূমি
নিহতের নাম আরিফুল ইসলাম (৪৫)। তিনি উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু গ্রামের পূর্বপাড়ার মো. নিজাম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা আরিফুল ও অভিযুক্ত ব্যক্তি আলী হোসেন (৪৮) গোপীনাথপুরে একই বাসায় বসবাস করতেন।
ঘটনার বিবরণ
আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে সাত-আট লাখ টাকা ঋণ নিয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার রাতে গোপীনাথপুর বাজারে আরিফুলকে কুপিয়ে জখম করেন আলী হোসেন। আশঙ্কাজনক অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হলে একটি বেসরকারি হাসপাতালে আজ দুপুরে তার মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
পুলিশ জানায়, গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মো. আলী হোসেন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর থেকে আলী হোসেন পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। উত্তরা ব্যাংক থেকে সাত-আট লাখ টাকা ঋণ নেওয়া এবং পূর্ববিরোধের বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’



