ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতে ঢুকতে পারেননি। এ বিষয়ে কূটনৈতিক ব্যর্থতা এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরতে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি চেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন।
সংসদে বিবৃতি দাবি
সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম দিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিবৃতি দাবি করেন। তবে এই বিষয়টি ৩০০ বিধিতে বিবৃতি হয় না। ফলে নোটিশ দিতে বলেছেন স্পিকার।
সাইফুল আলম খান মিলন বলেন, 'আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। এবং আমি যতটুক জেনেছি যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরেও দুই ঘণ্টা দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে তাকে বসিয়ে রাখা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তিনি দেশে ফিরে এসেছেন। এ বিষয়ে কী আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।'
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, 'সদস্য এটা পয়েন্ট অব অর্ডার হলো না। তবে আপনি এই বিষয়ে নোটিশ দিতে পারেন, তখন বিবেচনা করবো।'



