পটুয়াখালীতে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ ৪ ছাত্রী
পটুয়াখালীতে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ ৪ ছাত্রী

পটুয়াখালীর বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে চার শিক্ষার্থী নিখোঁজ

পটুয়াখালীর বাউফল উপজেলায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর একসঙ্গে চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ চারজনই উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা মন্নান গাজীর মেয়ে সানজিদা আক্তার (১২) গত ১০ মে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয় ছুটির সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজে বিভিন্ন স্থানে ছুটতে থাকেন।

একপর্যায়ে তারা জানতে পারেন, একই এলাকার আরও তিন শিক্ষার্থী— আয়শা আক্তার (১৩), ইসমত জেরিন সাজনিন (১২) ও সানজিদা আক্তার রাইসা (১৪) একই সময়ের মধ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ চার শিক্ষার্থীই নাজিরপুর এলাকার। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে রাইসা, আয়শা ও সানজিদা নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাজনিন একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়। নিখোঁজ আয়শার বাবা আলী হোসেন বলেন, ‘বগা থেকে কেউ একজন ঢাকা রুটের বাসের টিকিট কেটে দিয়েছে। সঙ্গে একজন নারী আছেন। ধারণা করা হচ্ছে, শয়তানের নিঃশ্বাস দিয়ে চার শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।’

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।’ পরিবারের সদস্যরা দ্রুত তাদের সন্তানদের উদ্ধারের জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ