নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
হাইকোর্টের জামিন ও আপিল বিভাগে স্থগিতাদেশ
প্রথমে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন। তবে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এরপর ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।
পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেফতার দেখানো হয় ফতুল্লা থানায়। এগুলো হলো বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি দায়ের হয় সদর মডেল থানায়।
আপিল বিভাগের চেম্বার আদালতের স্থগিতাদেশ
রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। এর মধ্যে আরও দুই মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়, যাতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
আপিল বিভাগের সর্বশেষ আদেশে পাঁচ মামলার জামিন বহাল থাকায় আইভীর মুক্তি এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন তার আইনজীবীরা।



