২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জামিন আবেদনের বিষয়ে শুনানি হয়। শুনানিকালে তার রাজসাক্ষী হতে চাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরা হয়।
জামিন শুনানিতে যা হলো
ট্রাইব্যুনালে তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। শুনানির সময় ট্রাইব্যুনালের কাছে আবদুল জলিল মণ্ডলের রাজসাক্ষী হওয়ার আগ্রহের কথা জানানো হয়। তবে এ বিষয়ে ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানা গেছে।
ঘটনার প্রেক্ষাপট
মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের সময় জলিল মণ্ডল ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ৩১ মার্চ শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের ওই ঘটনায় ২০২৫ সালের ৫ মে আব্দুল জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। জলিল মণ্ডল এই মামলার দুই নম্বর আসামি।
জলিল মণ্ডলের পুলিশি ক্যারিয়ার
ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মণ্ডল পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার এবং শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।



