আদালতে আত্মসমর্পণের পর জয়পুরহাটে আ. লীগের ৭ নেতা কারাগারে
আদালতে আত্মসমর্পণের পর জয়পুরহাটে আ. লীগের ৭ নেতা কারাগারে

জয়পুরহাটে জুলাইয়ের গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন জানিয়ে তারা আত্মসমর্পণ করলে বিচারক মিলন চন্দ্র পাল জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারীরা হলেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান (৭১), সহ-সভাপতি ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির (৫৭), জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (৫৬), কালাই উপজেলা যুবলীগের সভাপতি ও জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান (৪৮), আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী (৫৮), কালাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হোসেন ফকির (৫৪) এবং সাবেক ছাত্রনেতা পাঁচপাইকা গ্রামের মৃত মাহফুজার রহমানের ছেলে মিনহাজুর রহমান মিথুন (৪১)।

জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতারা জয়পুরহাটের জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলার পলাতক আসামি। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে আদালত থেকে কড়া পুলিশি পাহারায় তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ