ধর্ষণের পর শিশু হত্যায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর বিচার
ধর্ষণের পর শিশু হত্যায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর বিচার

কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে ময়নাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় দেন। দীর্ঘ প্রায় ৬ বছর পর ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেওয়া হয়।

মামলার বিবরণ

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের প্রয়াত খোরশেদ আলমের ছেলে। এই মামলার অপর এক আসামি নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ মে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের ওই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন তার মা বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আসামি ময়নাল হোসেন ওই শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে পেঁচিয়ে লাশ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। পরে শিশুটির মরদেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনজীবীর বক্তব্য

বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ময়নাল হোসেনসহ দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রধান আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

ভুক্তভোগী পরিবারের প্রতিক্রিয়া

রায় ঘোষণার পর নিহত শিশুর মা পারভীন আক্তার শারমিন বলেন, দীর্ঘ অপেক্ষার পর বিচার পেয়েছি। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ