ঈশ্বরদীতে ট্রাক-মালবাহী ট্রেন সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
ঈশ্বরদীতে ট্রাক-মালবাহী ট্রেন সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

পাবনার ঈশ্বরদীতে ইন্টারলকিং রেলগেটের ব্যারিয়ার না ফেলে ইয়ার্ডে ট্রেন শান্টিং করার সময় মালবাহী ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টায় ঈশ্বরদী-খুলনা রেলপথের ঈশ্বরদী রেলগেটে এ ঘটনা ঘটে।

তদন্ত কমিটি গঠন

ঘটনার পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর রহমান স্বপনকে আহবায়ক করে সদস্য করা হয়েছে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আতিকুর রহমান, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) উৎপল মণ্ডল এবং লোকো ইন্সপেক্টর নাজমুল হোসেনকে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিনগত রাতে ঈশ্বরদী শহরের ইন্টারলকিং রেলগেটে গেট ব্যারিয়ার না ফেলে রেলওয়ে ইয়ার্ডে লোকোমোটিভের সঙ্গে ওয়াগনগুলোকে আলাদা করা হচ্ছিল। এ সময় রাজশাহীর বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাথরবোঝাই ট্রাক ঈশ্বরদী রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে আসেন। তবে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত পাথরবোঝাই ট্রাক সরিয়ে রেললাইন সচল করতে পারেনি রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্রাকচালকের বক্তব্য

ট্রাকচালক হিমেল হোসেন জানান, রাজশাহী সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাক নিয়ে খুলনার নওয়াপাড়া যাচ্ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে রেলগেট খোলা দেখে ট্রাকটি ধীরগতিতে অতিক্রম করছিল। এ সময় গেটম্যান রেলগেট খোলা রাখায় শান্টিং ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি রেললাইনের মাঝে ছিটকে পড়ে। পাথরবোঝাই থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রেনচালকের বক্তব্য

মালবাহী ট্রেনের চালক তোফায়েল আহমেদ সুমন জানান, সুইস কেবিনের কর্তব্যরত স্টেশন মাস্টার সাবিনা ইয়াসমিনের সিগন্যাল পেয়ে তিনি মালবাহী শান্টিং ট্রেন নিয়ে রেলগেট অতিক্রম করছিলেন। তার কয়েক মিনিট আগে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশনে প্রবেশ করে। সীমান্ত এক্সপ্রেস রেলগেট অতিক্রমের পর ব্যারিয়ার ফেলে রাখার কথা ছিল; কিন্তু সীমান্ত অতিক্রম করার পরই স্টেশন মাস্টারের নির্দেশনা অমান্য করে গেটকিপার রেলগেট খুলে দেন। এ সময় ট্রেনটি ঢুকে পড়লে ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টারের বক্তব্য

ঈশ্বরদী জংশন স্টেশন কেবিনের দায়িত্বরত স্টেশন মাস্টার সাবিনা ইয়াসমিন জানান, তিনি নির্দেশ দিয়েছিলেন সীমান্ত পাশ করার পর যেন গেট খোলা না রাখা হয়। মালবাহী ট্রেন শান্টিং হবে, তারপর গেট খুলতে হবে। কিন্তু সেই নির্দেশনা না শুনে রেলগেট কেন খুলে দেওয়া হলো তা তিনি জানেন না।

গেটকিপারের বক্তব্য

ঈশ্বরদী ইন্টারলকিং রেলগেটের দায়িত্বরত গেটকিপার সোলাইমান হোসেন জানান, স্টেশন মাস্টারের অনুমতি ছাড়া তারা গেট খুলতে বা বন্ধ করতে পারেন না। তিনি আপ রেললাইনের ট্রেন পারাপারের দায়িত্বে ছিলেন। সীমান্ত অতিক্রম করলে তিনি রেলগেট খুলে দেন এবং গেট বন্ধ রাখার কোনো নির্দেশ পাননি বলে দাবি করেন।

রেলওয়ের অবস্থান

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহণ কর্মকর্তা হাসিনা খাতুন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক থেকে পণ্য নামিয়ে অন্য ট্রাকে লোড করে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরাতে হবে। ব্যস্ততম রেলগেট হওয়ায় তা এখন সম্ভব নয়। তবে মেইন লাইন সচল আছে এবং আপ লাইনের ট্রেনগুলো ডাউন লাইনে চালানো হচ্ছে।