নারায়ণগঞ্জের রূপগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) অপহরণের চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জাইদুল হক ওরফে ছাইদুল হক (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অপহরণের ঘটনা
মামলার বাদী জানান, তার মেয়ে কাঞ্চনের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি স্বামী, এক ছেলে ও মেয়েকে নিয়ে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার ফজর আলীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার মেয়ে স্কুলে আসা-যাওয়ার সময় স্থানীয় বখাটে জাইদুল হক প্রায়ই কুপ্রস্তাব দিত। বিষয়টি জানাজানি হলে জাইদুল হকের পরিবারকে জানানো হয়।
এতে ক্ষিপ্ত হয়ে ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে মেয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে জাইদুল হক তার ৪-৫ জন অজ্ঞাত সহযোগী নিয়ে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। ওই দিনই রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।
উদ্ধার ও গ্রেফতার
পুলিশ ঘটনাস্থলে এসে সত্যতা নিশ্চিত করে জাইদুল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তারা ঘটনা স্বীকার করে কিন্তু মেয়েকে ফেরত দেওয়ার জন্য বিভিন্ন স্থানে যেতে বলে। অপহরণকারীদের দেওয়া ঠিকানায় পুলিশ ও পরিবারের সদস্যরা গেলে তারা মোবাইল ফোন বন্ধ করে দেয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার চার দিন পর মেয়েকে উদ্ধার করা হয় এবং মূল হোতা জাইদুল হককে গ্রেফতার করা হয়।
বাদী জানান, আসামিরা এলাকার চিহ্নিত বখাটে ও মাদকসেবী। তাই তিনি ও তার স্বজনরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইনের কাছে সর্বোচ্চ বিচার চান।
পুলিশের বক্তব্য
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, অভিযোগের পর তদন্ত করে সত্যতা পাওয়া যায়। জাইদুল হককে নামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে অপহরণ মামলা করা হয়। বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে জাইদুল হককে গ্রেফতার এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। অপহরণকারী জাইদুল হককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



