অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেসকোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বাংলাদেশে নিযুক্ত ইউনেসকোর প্রতিনিধি সুসান ভাইজ আজ বুধবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এ সহযোগিতা চান। সাক্ষাৎকালে ইউনেসকোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে তথ্যমন্ত্রীকে বিস্তারিত জানান।

সুসান ভাইজ গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা ও বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য-অপতথ্য রোধে ইউনেসকোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ফ্যাক্টচেকিং’ বা তথ্য যাচাইয়ের ওপর ইউনেসকো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর এ উদ্যোগকে স্বাগত জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেসকোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। ডিজিটাল যুগে তথ্যের অধিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ইউনেসকোর দক্ষতা-অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন জহির উদ্দিন স্বপন।

ইউনেসকো প্রতিনিধি এ বিষয়ে বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ