জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিহত রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী ও মো. জুনায়েদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। শনিবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন দুই পরিবারের সদস্যরা। এ সময় তিনি তাদের পাশে থাকার এবং সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন।
বুলেট বৈরাগী হত্যাকাণ্ড
কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি গত ১১ এপ্রিল ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান। প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
জুনায়েদ হত্যাকাণ্ড
অপরদিকে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জুনায়েদ ঢাকা কাস্টমসে কর্মরত ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি ভোরের দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার মরদেহ ফেলে রেখে পিকআপে করে পালিয়ে যায় কয়েকজন। এ ঘটনায় এনবিআর থেকে পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়।
এনবিআর চেয়ারম্যান দুই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তারা যাতে কোনো অসুবিধায় না পড়েন সেদিকে খেয়াল রাখা হবে। আইনি প্রক্রিয়ায়ও সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।



