হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মুশফিকুল ফজল আনসারী

জাতীয় হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। তিনি স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) হাসপাতাল থেকে বাসায় ফিরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। নিচে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

মুশফিকুল ফজল আনসারির ফেসবুক পোস্ট

‘আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে আজ ঢাকার অস্থায়ী আবাসে ফিরলাম। গত সোমবার বুকে ব্যথা ও হঠাৎ অচেতন হয়ে পড়ার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ বাসায় ফিরেছি।

চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তার এ আন্তরিকতা ও সহমর্মিতার জন্য আমি ও আমার পরিবার গভীরভাবে কৃতজ্ঞ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের আন্তরিক সহযোগিতা, সৌজন্য ও মনোযোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষভাবে দেশের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ও বিভাগীয় প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল আলেয়া সুলতানার সার্বক্ষণিক তত্ত্বাবধান, পেশাদারিত্ব ও মানবিক আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।

সিএমএইচে অবস্থানকালে সেখানকার অন্যান্য বিভাগের সিনিয়র চিকিৎসকরা ছাড়াও অসংখ্য কর্মকর্তা ও সৈনিক আমার প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছেন, তা আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

সর্বোপরি, আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য মানুষের দোয়া ও শুভকামনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আমি সুস্থ এবং আরেকটু স্টেবল হলে ওয়াশিংটন রওনা করব ইনশাআল্লাহ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুনশ্চ: আমার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে কার্যকর না থাকায় আপাতত এ পেজের মাধ্যমে সংযুক্ত থাকার চেষ্টা করছি।’