সম্প্রতি রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ওই শাখার লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন ফাউন্ডেশনের অন্যান্য শাখা চালু রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
আলোচনা সভায় মন্ত্রীর বক্তব্য
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, শুধু প্যাথলজি নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের পুরো লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন ফাউন্ডেশনের অন্য কোনো শাখা থাকলে তা পরিচালনায় কোনো বাধা নেই।
শিশু মৃত্যুর কারণ ও দায়
সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে শিশুরা মারা গেছে। এ ঘটনায় ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল। তাই এই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে। এই অপরাধের শাস্তি হিসেবেই হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
মন্ত্রী আরও বলেন, ময়নাতদন্ত (পোস্টমর্টেম) না হওয়ায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো আইনি কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। তবে আদালত জানে যে সেখানে নির্মমভাবে ছয়টি শিশু মারা গেছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা আশা করছি, অপরাধীরা উপযুক্ত বিচার পাবে।



