৮ হাজার ৯৯টি ক্যাডার পদশূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা সরকারের
৮ হাজার ৯৯টি ক্যাডার পদশূন্য, নিয়োগ পরিকল্পনা

দেশে বর্তমানে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদশূন্য রয়েছে। এসব শূন্যপদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সংসদে প্রশ্নের জবাবে তথ্য

মঙ্গলবার (৭ জুলাই) সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. আনোয়ারুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, মেধা, সততা, দক্ষতা ও সৃজনশীলতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে ইতোমধ্যে ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রমও শেষ হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্রুত শূন্যপদগুলো পূরণ করা সম্ভব হবে।

স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

তিনি জানান, শূন্যপদ পূরণ এবং দেশের বেকারত্ব হ্রাসে সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। মন্ত্রী বলেন, কর্মপরিকল্পনায় উল্লিখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্যপদের তথ্য এবং নিয়োগের অধিযাচন পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

তিনি আরও জানান, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্যও সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বেকারত্ব হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ