দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করতে আজ বুধবার (১ জুলাই) থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার ফলে একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)—যেকোনো মাধ্যম থেকে অর্থ পরিশোধ করা যাবে।
একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে বাংলা কিউআরকে একটি একীভূত ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে চালু করা হয়েছে। এর ফলে শপিং মল, সুপারশপ, ছোট দোকান কিংবা ফুটপাতের ব্যবসায়ী—সবাই একই ধরনের কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
কম খরচ ও সহজ ব্যবহার
বাংলা কিউআরের অন্যতম বড় সুবিধা হলো এর কম খরচ ও সহজ ব্যবহার। যেখানে প্রচলিত কার্ডভিত্তিক পেমেন্ট গ্রহণে ব্যয়বহুল পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন প্রয়োজন হয়, সেখানে বাংলা কিউআরের ক্ষেত্রে একটি সাধারণ কিউআর স্টিকারই যথেষ্ট। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ক্যাশলেস লেনদেনের আওতায় আসতে পারবেন।
নিরাপত্তা ও ঝুঁকি হ্রাস
নিরাপত্তার দিক থেকেও এই ব্যবস্থা বেশ কার্যকর। গ্রাহকের ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকেই সরাসরি অর্থ পরিশোধ করা যাবে। ফলে কার্ড ক্লোনিং বা পিন চুরির মতো ঝুঁকিও অনেকটাই কমে যাবে।
বাংলাদেশ ব্যাংকের বক্তব্য
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক অনেক আগে থেকেই বাংলা কিউআর চালু করেছে। আজ থেকে বাধ্যতামূলক বলতে বোঝাচ্ছে- আপনি যখন বাজারে কেনাকাটা শেষে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন, তখন দেখলেন দোকানে বিকাশের কিউআর কোড আছে অথচ আপনার পকেট আছে রকেটের অ্যাকাউন্ট। এখন এটা থাকা চলবে না। বিকাশ, নগদসহ অন্যান্য প্রতিষ্ঠানের সকল কিউআরকে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে। বাংলা কিউআর স্ক্যান করে আপনি বিকাশ, নগদ, ব্যাংকসহ যেকোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
বিকাশের প্রতিক্রিয়া
বিকাশের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, দেশের সব মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও বিস্তৃত হবে। এতে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ক্যাশবিহীন লেনদেন করতে পারবেন। একই সঙ্গে ব্যবসায়ীদের অর্থ গ্রহণ ও হিসাব ব্যবস্থাপনাও সহজ হবে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সব মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর চালুর লক্ষ্যে বিকাশ ইতোমধ্যে কিউআর প্রতিস্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।
এনআরবিসি ব্যাংকের প্রস্তুতি
এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম খান বলেন, বাংলা কিউআর চালুর জন্য ব্যাংকটি পুরোপুরি প্রস্তুত। গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সেবা আগে থেকেই চালু রয়েছে এবং মার্চেন্ট পর্যায়েও কিউআর স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, বর্তমানে প্রতিদিন তাদের বাংলা কিউআরের মাধ্যমে কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে।
ভবিষ্যৎ লক্ষ্য
বাংলাদেশ ব্যাংকের আশা, বাংলা কিউআরের মাধ্যমে ব্যাংক ও এমএফএসের মধ্যে আন্তঃসংযোগ বাড়বে, ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় হবে এবং দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে।



