স্মার্টফোন এখন আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ। কাজের প্রয়োজনে, যোগাযোগে কিংবা বিনোদনের জন্য—সব ক্ষেত্রেই আমরা এই ছোট ডিভাইসটির ওপর নির্ভরশীল। তবে ব্যবহার করতে গিয়ে অনেকেই অজান্তেই একটি সাধারণ ভুল করে বসেন—প্রয়োজনের তুলনায় বেশি সময় ফোন চার্জে রেখে দেন।
১০০% চার্জে রাখার ভুল ধারণা
অনেকের মনে ধারণা আছে, ফোন সবসময় ১০০ শতাংশ চার্জে রাখলে সেটি ভালো কাজ করে। তাই রাতে ঘুমানোর আগে চার্জে লাগিয়ে রেখে সকালে খুলে নেওয়া অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস দীর্ঘদিন ধরে চালিয়ে গেলে ফোনের ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ব্যাটারির আয়ু কমে যায়
বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে থাকলে ধীরে ধীরে এর সক্ষমতা কমতে থাকে। ফলে কিছুদিন পরই দেখা যায়, আগের মতো চার্জ ধরে রাখতে পারছে না ফোন।
অতিরিক্ত তাপের ঝুঁকি
দীর্ঘ সময় চার্জে থাকলে ব্যাটারির ভেতরে তাপ তৈরি হয়। আধুনিক ফোনে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বারবার এমন হলে ব্যাটারির ভেতরের উপাদান ক্ষতিগ্রস্ত হতে পারে।
ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা
অতিরিক্ত চার্জিংয়ের অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে ব্যাটারি ফুলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে শুধু পারফরম্যান্সই কমে না, ডিভাইসের কাঠামোগত ক্ষতিও হতে পারে— যেমন ব্যাক কভার উঁচু হয়ে যাওয়া বা স্ক্রিন সরে যাওয়া।
চার্জিং সাইকেল দ্রুত শেষ হয়
প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট চার্জিং সাইকেল থাকে। নিয়মিত অতিরিক্ত চার্জ দিলে এই সাইকেল দ্রুত শেষ হয়ে যায়, ফলে ব্যাটারি দ্রুত দুর্বল হয়ে পড়ে।
নিরাপত্তা ঝুঁকিও রয়েছে
নিম্নমানের চার্জার ব্যবহার বা বালিশ-কম্বলের নিচে ফোন রেখে চার্জ দিলে অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। যদিও এমন ঘটনা বিরল, তবুও সতর্ক থাকা জরুরি।
ব্যাটারি ভালো রাখতে কী করবেন
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে— চার্জ ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা ভালো। অপ্রয়োজনে দীর্ঘ সময় চার্জে রাখা এড়িয়ে চলা উচিত। এছাড়া সবসময় মানসম্মত চার্জার ব্যবহার করা নিরাপদ।



