কান উৎসবে পিটার জ্যাকসনের এআই ব্যবহারের পক্ষে মতামত
কান উৎসবে পিটার জ্যাকসনের এআই ব্যবহারের পক্ষে মতামত

গতকাল ৭৯তম কান চলচ্চিত্র উৎসব থেকে সম্মানসূচক পাম দ’র গ্রহণ করেন পরিচালক পিটার জ্যাকসন। আজ তিনি উৎসবের এক মাস্টারক্লাসে অংশ নেন। সেখানে জ্যাকসন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে কথা বলেন। তিনি বলেন, চলচ্চিত্রে এআই ব্যবহারের বিষয়ে তাঁর কোনো আপত্তি নেই। তবে তাঁর আক্ষেপ, প্রযুক্তি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের কারণেই অভিনেতা অ্যান্ডি সার্কিস সম্ভবত কখনোই গোল্লাম চরিত্রে তাঁর যুগান্তকারী অভিনয়ের জন্য বড় কোনো পুরস্কার পাবেন না।

অ্যান্ডি সার্কিসের অভিনয় ও প্রযুক্তির সমন্বয়

অ্যান্ডি সার্কিস ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমায় গোল্লাম চরিত্রে অভিনয় করেন। জ্যাকসনের মতে, অ্যান্ডি সার্কিসের গোল্লাম চরিত্রে অভিনয় ছিল অভিনয়শিল্প ও প্রযুক্তির অসাধারণ সমন্বয়। কিন্তু অনেকেই পারফরম্যান্স ক্যাপচার প্রযুক্তিকে নিছক কম্পিউটারনির্ভর প্রক্রিয়া হিসেবে দেখেছেন। ফলে অভিনয়ের প্রকৃত মূল্যায়ন থেকে সার্কিস বঞ্চিত হয়েছেন।

এআই নিয়ে পিটার জ্যাকসনের রসিকতা

এ সময় জ্যাকসন রসিকতার সুরে মন্তব্য করেন, ‘এআই হয়তো পৃথিবী ধ্বংস করে দেবে, এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই। চলচ্চিত্রে এআই ব্যবহারের ধারণা আমার মোটেও অপছন্দ নয়।’ অস্কারজয়ী এই পরিচালক মনে করেন, প্রযুক্তি শিল্পীর সৃজনশীলতাকে খাটো করে না; বরং সঠিকভাবে ব্যবহৃত হলে তা অভিনয় ও গল্প বলাকে আরও সমৃদ্ধ করতে পারে। সে দৃষ্টিকোণ থেকেই তিনি চলচ্চিত্রে এআইয়ের সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেপালের সিনেমার সুখবর

২০ মে রয়েছে নেপাল থেকে প্রথমবার মনোনয়ন পাওয়া সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’–এর প্রদর্শনী। আঁ সার্তে রিগা বিভাগে এবার সিনেমাটি মনোনয়ন পেয়েছে। অবিনাশ বিক্রম শাহর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। গতকাল শুরু হওয়া উৎসবের দ্বিতীয় দিনেই সুখবর দিল সিনেমাটি। এর আন্তর্জাতিক বিক্রয় স্বত্ব কিনে নিয়েছে ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’। তারাই সিনেমাটি ডিস্ট্রিবিউশন করবে। একই সঙ্গে সিনেমাটির ট্রেলার আজ প্রকাশ পেয়েছে।

ইউরোপের তরুণ অংশগ্রহণ

ইউরোপিয়ান ফিল্ম প্রমোশন এবার কান চলচ্চিত্র উৎসবে তাদের ‘প্রডিউসারস অন দ্য মুভ’ কর্মসূচির আওতায় ইউরোপের উদীয়মান ১৮ সিনেমার প্রযোজকদের আমন্ত্রণ জানিয়েছেন। আজ থেকে সিনেমাগুলো নিয়ে চলছে বিশেষ আয়োজন। এই উদ্যোগের মাধ্যমে ইউরোপের উদীয়মান প্রযোজকেরা তাঁদের নতুন প্রকল্প আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ঘরানার গল্প ও নতুন নির্মাতাদের প্রথম কাজ, যা ভবিষ্যৎ ইউরোপীয় সিনেমার পরিবর্তন আনবে বলে মনে করছেন আয়োজকেরা।

প্রতিযোগিতামূলক শাখার দুই ছবি

আজ অফিশিয়াল প্রধান শাখার বা প্রতিযোগিতামূলক শাখার দুটি সিনেমার প্রদর্শনী রয়েছে। জাপানের সিনেমা ‘নাগি ডায়েরি’ প্রদর্শনী হবে। এটি পরিচালনা করেছেন কোজি ফুকাদা। অন্যদিকে প্রদর্শনী হবে ফ্রান্সের ‘আ ওম্যানস লাইফ’। এটি পরিচালনা করেছেন শার্লিন বুর্জোয়া-তাকুয়ে।

ভিন ডিজেলের উপস্থিতি

কানের ‘আউট অব কম্পিটিশন বিভাগে’ প্রদর্শিত হবে হলিউডের সিনেমা ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। সিনেমার টিম প্রদর্শনীতে উপস্থিত থাকবে। সিনেমার অভিনেতা ভিন ডিজেল প্রদর্শনীর আগেই লালগালিচায় পা রাখেন। তিনি উপস্থিত থাকবেন প্রদর্শনীতে। লালগালিচায় ফটোসেশনে তিনি ভক্তদের হাত দিয়ে লাভ চিহ্ন দিয়ে ভালোবাসা জানান।

নজর কাড়লেন তিন নারী

লালগালিচায় নজর কেড়েছেন তিন নারী। আজ আঁ সার্তে রিগা বিভাগের ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াজমা’ সিনেমাটির প্রদর্শনী রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন নারী নির্মাতা জেইন শোনব্রুন। তিনি সিনেমার দুই অভিনেত্রী গিলিয়ান অ্যান্ডারসন ও হান্না আইনবাইন্ডারকে নিয়ে লালগালিচায় এসে নজর কাড়েন। নারী নির্মাতা ও অভিনয়শিল্পীর প্রশংসাও করছেন সমালোচকেরা।