যুক্তরাষ্ট্রের কুপারটিনোর অ্যাপল পার্কে আজ সোমবার শুরু হচ্ছে অ্যাপলের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬। বার্ষিক এই ডেভেলপার সম্মেলনে অ্যাপলের নির্বাচিত ডেভেলপাররা অংশ নিলেও উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। সম্মেলন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের ব্যাপক আগ্রহ থাকলেও বরাবরের মতো আগাম কোনো তথ্য জানায়নি অ্যাপল।
সম্মেলনের সময় ও সম্প্রচার
বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অ্যাপলের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সের’ কী-নোট সেশন। অনুষ্ঠানটি অ্যাপলের ইউটিউব চ্যানেল, অ্যাপলের ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। ইউটিউবে আগে থেকেই ‘নোটিফাই মি’ অপশন চালু করে রাখলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাওয়া যাবে।
সম্ভাব্য ঘোষণা
সম্প্রতি গুগল তাদের বার্ষিক সফটওয়্যার সম্মেলন ‘গুগল আই/ও’তে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) একাধিক নতুন সুবিধা উন্মোচন করেছে। আর তাই এবার অ্যাপলও তাদের বিভিন্ন অপারেটিং সিস্টেম ও সেবায় এআই–নির্ভর বিভিন্ন সুবিধা যুক্তের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে আইওএস ২৭। নতুন এই সংস্করণে সিরিকে আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সহকারী হিসেবে দেখা যেতে পারে। একই সঙ্গে অ্যাপল ওয়ালেটে ‘ক্রিয়েট আ পাস’ নামে নতুন একটি সুবিধা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ২৭ ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে বেশ কিছু নকশাগত পরিবর্তন আনা হতে পারে। নতুন নকশার ‘লিকুইড গ্লাস’, ক্যামেরা ও ওয়েদার অ্যাপের নতুন বিন্যাস এবং স্বয়ংক্রিয় বানান সংশোধন ব্যবস্থা যুক্ত করতে পারে অ্যাপল। আইফোনের পাশাপাশি আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৭–এর ঘোষণাও আসতে পারে। ধারণা করা হচ্ছে, আইওএসের বেশ কয়েকটি নতুন সুবিধা এই সংস্করণেও যুক্ত করা হবে। একই সঙ্গে ম্যাকওএস ২৭–এ ‘লিকুইড গ্লাস’ নকশার বিস্তৃতি এবং ওয়াচওএস ২৭–এ নতুন কিছু ঘড়ির ডায়াল যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
হার্ডওয়্যার পণ্যের সম্ভাবনা
যদিও অতীতে ডব্লিউডব্লিউডিসি মঞ্চে নতুন হার্ডওয়্যার পণ্য উন্মোচন করেছে অ্যাপল। তবে সম্মেলনটির মূল গুরুত্ব বরাবরই সফটওয়্যারকে ঘিরে। এবার নতুন কোনো হার্ডওয়্যার পণ্য উন্মোচনের তথ্য এখনো সামনে আসেনি। ফলে আইওএস ২৭, সিরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উন্নয়ন এবং অ্যাপলের অন্যান্য সফটওয়্যার প্ল্যাটফর্মের নতুন সংস্করণই এবারের আয়োজনের মূল আকর্ষণ হয়ে উঠতে পারে।



