ইনস্টাগ্রামে বন্ধু বা পরিচিতজনদের কোনো পোস্ট বা ভিডিও পছন্দ হলে সেগুলো নিজেদের অ্যাকাউন্ট থেকে পুনরায় প্রকাশ করেন অনেকেই। তবে অন্যদের তৈরি আধেয় (কনটেন্ট) প্রকাশ করে জনপ্রিয়তা পেলেও নিজে ভালো মানের আধেয় তৈরি করেন না কেউ কেউ। তাই নিয়মিত অন্যদের তৈরি আধেয় পুনরায় প্রকাশ করা অ্যাকাউন্টগুলোর জন্য কনটেন্ট র্যাঙ্কিং নীতিমালায় পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম।
নতুন নীতিমালায় কী আছে?
নতুন এ নীতিমালা অনুযায়ী, যেসব অ্যাকাউন্ট নিয়মিত অন্যদের আধেয় উল্লেখযোগ্য সম্পাদনা ছাড়াই প্রকাশ করে, সেগুলো নতুন ব্যবহারকারীদের কাছে সুপারিশ করা হবে না। ইনস্টাগ্রামের ক্রিয়েটরস ব্লগে বলা হয়েছে, এত দিন রিলসের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা এখন থেকে ছবি ও ক্যারোসেল পোস্টেও কার্যকর হবে। ফলে যেসব অ্যাকাউন্টের আধেয়কৌশল মূলত রিপোস্ট–নির্ভর, সেগুলোর ভিজিবিলিটি কমে যেতে পারে।
পরামর্শ ও পুনর্বিবেচনার সুযোগ
নিয়মিত অন্যদের তৈরি আধেয় শেয়ার করা ব্যক্তিদের সরাসরি প্রোফাইলে পোস্ট না করে স্টোরিতে শেয়ার, রিপোস্ট বাটন ব্যবহার বা ‘কোল্যাব’ চালুর মাধ্যমে যৌথভাবে প্রকাশের পরামর্শও দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন নীতিমালার আওতায় কোনো অ্যাকাউন্ট রিকমেন্ড তালিকা থেকে বাদ পড়লে তা পুনরায় বিবেচনার সুযোগ দেবে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্টের অধিকাংশ পোস্ট রিলস, ছবি বা ক্যারোসেল নিজেদের তৈরি হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। পাশাপাশি অন্যদের তৈরি আধেয় সরিয়ে ফেলা বা সংশ্লিষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগও রাখা হয়েছে।
সূত্র: ম্যাশেবল



