সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, তিনি লাল-সবুজ পোশাকের ওপর উত্তরীয় পরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বিধ্বস্ত বঙ্গবন্ধু ভবনের সামনে একা দাঁড়িয়ে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন।
ছবির উৎস ও প্রসঙ্গ
ছড়িয়ে পড়া পোস্টগুলোর দাবি, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে গিয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। এই ছবি নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থক বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও প্রোফাইল থেকে ছড়ানো হচ্ছে। উদাহরণস্বরূপ, ৩৬ হাজার অনুসারীর ‘বেঙ্গলি জার্নাল’ পেজে ৬ জুন একটি পোস্টে ‘কারামুক্তির পরদিনই ধানমন্ডি ৩২ নম্বরে সাবেক মেয়র আইভী: ৩২ ধ্বংস করলেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না!’ শিরোনামে একটি প্রতিবেদন যুক্ত করা হয়। পোস্টটিতে সাড়ে ৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে।
প্রকৃত ঘটনা
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আইভী গ্রেপ্তার হন এবং অন্তর্বর্তী সরকার তাঁকে মেয়র পদ থেকে বরখাস্ত করে। প্রায় ১৩ মাস পর ৩ জুন জামিনে মুক্তি পান তিনি। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তিনি নারায়ণগঞ্জে যান। তবে ধানমন্ডিতে যাওয়ার কোনো খবর সংবাদমাধ্যমে আসেনি।
এআই শনাক্তকরণ
ছবির নিচের ডান দিকে গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনির লোগো দেখা যায়, যা সাধারণত জেমিনি দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টে থাকে। এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন ও গুগলের সিন্থআইডি দিয়ে পরীক্ষায় ছবিটি প্রায় শতভাগ এআই-নির্মিত বলে শনাক্ত হয়।
আইভীর বক্তব্য
নারায়ণগঞ্জে অবস্থানরত সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হককে বলেন, কারামুক্তির পর তিনি ধানমন্ডিতে যাননি।
মূল ছবির সন্ধান
রিভার্স ইমেজ সার্চে ২০২২ সালের ১৬ জানুয়ারি প্রথম আলোর ইংরেজি সংস্করণের একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইভীর বিজয় ঘোষিত হওয়ার পরের ছবি যুক্ত ছিল। ওই ছবির ভঙ্গি, পোশাক ও মুখাবয়বের সঙ্গে ভাইরাল ছবির মিল থাকলেও মূল ছবিতে ধানমন্ডি ৩২-এর দৃশ্য নেই। অর্থাৎ পুরোনো ছবি ব্যবহার করে এআই দিয়ে নতুন ছবি তৈরি করা হয়েছে।



