বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সেলফিতে জনপ্রিয় ‘ভি’ চিহ্ন দেখানো থেকে আঙুলের ছাপ চুরির ঝুঁকি তৈরি হতে পারে। বিজয় ও শান্তির প্রতীক হিসেবে পরিচিত এই ভঙ্গিতে তর্জনী ও মধ্যমা আঙুল উঁচু করে দেখানো হয়, যা দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে জনপ্রিয় সংস্কৃতির অংশ। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন এ ভঙ্গি ব্যবহারে সতর্ক থাকতে বলেছেন।
কেন ‘ভি’ চিহ্ন বিপজ্জনক?
তাদের মতে, উচ্চ রেজল্যুশনের ক্যামেরা ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে ছবি থেকে আঙুলের ছাপ নকল করে বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলার ঝুঁকি বেড়েছে। চীনের নিরাপত্তা বিশেষজ্ঞ লি চ্যাং গত মাসে একটি রিয়েলিটি টেলিভিশন অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেন। তিনি এক তারকার সেলফি উদাহরণ হিসেবে দেখিয়ে ব্যাখ্যা করেন, ‘ভি’ চিহ্ন দেওয়া ছবিতে আঙুল কতটা স্পষ্টভাবে দেখা যায় এবং তা কীভাবে ব্যক্তিগত বায়োমেট্রিক তথ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
ক্লোজআপ ছবি আরও বিপজ্জনক
তার বিশ্লেষণে লি চ্যাং বলেন, যদি আঙুল সরাসরি ক্যামেরার দিকে থাকে এবং দেড় মিটারের কম দূরত্ব থেকে ক্লোজআপ ছবি তোলা হয়, তাহলে পুরো আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব হতে পারে। তিনি আরও জানান, এ কারণেই সেলফিকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ মনে করা হয়। লি চ্যাং আরও বলেন, তিন মিটার দূর থেকে তোলা ছবিতেও আঙুলের ছাপের প্রায় অর্ধেক তথ্য উদ্ধার করা সম্ভব হতে পারে, বিশেষ করে এআই সফটওয়্যারের সহায়তায়।
এআই প্রযুক্তি কীভাবে কাজ করে?
একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি দেখান, কীভাবে ফটো এডিটিং সফটওয়্যার ও এআই প্রযুক্তি ব্যবহার করে কম রেজল্যুশনের ঝাপসা ছবি উন্নত করে আঙুলের ছাপ স্পষ্ট ও বিস্তারিতভাবে দেখা সম্ভব। এ বিষয়ে চীনা একাডেমি অব সায়েন্সেসের ক্রিপ্টোগ্রাফি অধ্যাপক ঝ্যাং জিয়াও বলেন, উচ্চমানের ক্যামেরার কারণে সাধারণ ‘ভি’ পোজের ছবিতেও হাতের বিস্তারিত তথ্য, এমনকি আঙুলের ছাপও পুনর্গঠন করা প্রযুক্তিগতভাবে সম্ভব হয়ে উঠেছে।
উদ্বেগ বাড়লেও সবাই একমত নন
লি চ্যাংয়ের পরীক্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ে। তবে কিছু বিশেষজ্ঞ বলেন, আঙুলের ছাপ চুরি করে তা দিয়ে বায়োমেট্রিক নিরাপত্তা ভাঙা এত সহজ নয়। তাদের মতে, আলোর অবস্থা, ক্যামেরার ফোকাস ও ছবির স্বচ্ছতা বড় ভূমিকা রাখে। পাশাপাশি পরিচয় চোরদের একই ব্যক্তির একাধিক ছবি প্রয়োজন হয়, যাতে আঙুলের ছাপের নকশা মিলিয়ে দেখা যায়।
নিরাপদ থাকার উপায়
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যারা সেলফিতে ‘ভি’ চিহ্ন দেখানোর অভ্যাস বজায় রাখতে চান, তারা যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার আগে আঙুলের ডগা ঝাপসা করে দেন অথবা ডিজিটাল এডিটিং টুল ব্যবহার করে আঙুলের ছাপের বিস্তারিত অংশ মসৃণ করে নেন।



