মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন ইউজারনেম ফিচার। এই সুবিধা চালু হলে ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে, যা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও জোরদার করবে।
কিভাবে কাজ করবে ইউজারনেম ফিচার?
বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের প্রধান মাধ্যম হলো ফোন নম্বর। নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা একটি স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে পারবেন, যার মাধ্যমে অন্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিশেষ করে বড় গ্রুপে যুক্ত হওয়া বা প্রথমবার কাউকে বার্তা পাঠানোর সময় ফোন নম্বর আর দৃশ্যমান হবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেম হবে ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমের মতো অনুসন্ধানযোগ্য হবে না। ফলে কাউকে প্রথমবার বার্তা পাঠাতে হলে তার সঠিক ইউজারনেম জানতে হবে। ব্যবহারকারীরা চাইলে একটি 'ইউজারনেম কী' সেট করতে পারবেন, যা প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করবে। প্রয়োজনে এই কী যে কোনো সময় পরিবর্তন করা যাবে।
ব্যবসা প্রতিষ্ঠান ও পরিচিত ব্যক্তিদের জন্য সুবিধা
ইনস্টাগ্রাম বা ফেসবুকে থাকা ব্যবসা প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন সংস্থা একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহারের সুযোগ পাবে। ভুয়া পরিচয় ঠেকাতে তারকা, জনপরিচিত ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে সম্পর্কিত কিছু ইউজারনেম সংরক্ষিত রাখা হবে।
হোয়াটসঅ্যাপ প্রধান কুনাল শাহ এক্স (সাবেক টুইটার) এ লিখেছেন, 'সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার জন্য উন্মুক্ত হওয়ার আগেই হোয়াটসঅ্যাপে এসে নিজের ইউজারনেম সংরক্ষণ করুন। আরও ব্যক্তিগতভাবে সংযুক্ত হওয়ার নতুন উপায় খুব শিগগিরই আসছে। এখনই নিজেরটি নিশ্চিত করুন।'
কিভাবে ইউজারনেম সংরক্ষণ করবেন?
ইউজারনেম সংরক্ষণ করতে ব্যবহারকারীদের সেটিংস > অ্যাকাউন্ট > ইউজারনেম অপশনে যেতে হবে। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে কয়েক সেকেন্ডেই এটি করা যাবে।
ফিচার চালুর সময়সূচি
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সপ্তাহ থেকেই ধাপে ধাপে ইউজারনেম সংরক্ষণের সুযোগ চালু হবে। চলতি বছরের শেষ দিকে ফিচারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে এবং পরবর্তী কয়েক মাসে বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে চালু হবে। বিপুল ব্যবহারকারীর কারণে একই ধরনের নামের চাহিদা বেশি থাকায় আগেভাগে ইউজারনেম সংরক্ষণের পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।
সূত্র: এনডিটিভি



