বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ. কে. এম. শামছুল ইসলাম। বুধবার (১৭ জুন) শিপইয়ার্ড পরিদর্শনকালে তিনি সেখানকার বিভিন্ন স্থাপনা এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্পসমূহ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
খুশিলির অবদান ও সক্ষমতা
খুশিলি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের সামুদ্রিক ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপদেষ্টা খুশিলির সক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং প্রযুক্তিগত উৎকর্ষ বৃদ্ধির ওপর জোর দেন। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে 'মেড ইন বাংলাদেশ' নীতির আলোকে খুশিলির গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন।
পরিদর্শনকালে বিস্তারিত তথ্য
এ সময় তাকে এলসিটি, ড্রেজার, টাগ বোট, ক্রেন বোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল এবং সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে খুশিলির কর্মপরিকল্পনায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেন উপদেষ্টা।
কারখানা পরিদর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা
উপদেষ্টা খুলনা শিপইয়ার্ডের বিভিন্ন উৎপাদন ও সহায়ক স্থাপনা যেমন প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা এবং বিদ্যুৎ শপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাকে প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ মানবসম্পদ, আধুনিক উৎপাদন অবকাঠামো এবং ভবিষ্যৎ সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
পরিদর্শন শেষে তিনি খুশিলির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটির অব্যাহত সাফল্য কামনা করেন।



