২০২৫ সালে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মুনাফা দ্বিগুণ হয়েছে। ব্যাংকটির করপরবর্তী ও প্রভিশনের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, আগের বছরের তুলনায় যা ১০৪ শতাংশ বেশি বা প্রায় ২ দশমিক ০৪ গুণ।
পরিচালনা পর্ষদের সভা
ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভা গতকাল মঙ্গলবার চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। খবর বিজ্ঞপ্তি।
লভ্যাংশ ঘোষণা
সভায় ২০২৫ সালের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২৪ সালে মোট লভ্যাংশ ছিল ২০ শতাংশ, যেখানে নগদ ছিল ১০ শতাংশ এবং স্টক ১০ শতাংশ।
শেয়ারপ্রতি আয় ও সম্পদমূল্য
শেয়ারপ্রতি আয় হয়েছে ৯ টাকা ৯৮ পয়সা, আগের বছর ছিল যা ৪ টাকা ৯০ পয়সা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে ৬২ টাকা ১৪ পয়সায় উন্নীত হয়েছে; ২০২৪ সালে যা ছিল ৫৩ টাকা ৩৯ পয়সা।
আর্থিক সচ্ছলতা
আর্থিক সচ্ছলতার ক্ষেত্রেও ব্যাংকটি শক্তিশালী অবস্থানে আছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরআর) ২০২৫ সালে ১৭ দশমিক ১৩ শতাংশে উন্নীত হয়েছে; ২০২৪ সালে যা ছিল ১৩ দশমিক ৮৩ শতাংশ। এটি নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি।



