রপ্তানি আয়ে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে মে মাসে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইপিবি জানায়, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়।
চলতি অর্থবছরের রপ্তানি পরিস্থিতি
চলতি অর্থবছরের জুলাই-মে পর্যন্ত পোশাকের চালান কমে যাওয়ার কারণে সার্বিক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। এতে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। এ সময়ে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন হয়েছে।
এর আগে, টানা ৮ মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু মে মাসে রপ্তানি কমে যাওয়ায় ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়নি।



