কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা বলেছেন, খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেটে ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এতে সরকার বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
সংসদে বাজেট আলোচনায় বক্তব্য
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আমির হামজা বলেন, ‘বাজেট অর্থবহ হবে যদি কার্যকর হয়। কিন্তু সরকারের বাজেটে ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব উত্তোলন সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে।’
ঋণের বোঝা এড়ানোর প্রস্তাব
তিনি আরও বলেন, ‘সেজন্য বলেছিলাম ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা বাজেট ধরা হলে, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা আমাদের ওপরে আসতো না।’ তিনি কিছু পণ্যের দাম বাড়ানো-কমানো নিয়ে অর্থমন্ত্রীকে প্রস্তাবনা দেন।
সিগারেটের দাম ও রাজস্ব ক্ষতি
এ বিষয়ে তিনি বলেন, ‘নিম্নমানের একটি সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে ৭ টাকায়। সরকার বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম সরকারের ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে।’
বিষয়টি সরকার বিবেচনায় নিলে ভালো হবে বলে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য।



