নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে মত দিয়েছেন ক্রেতারা।
বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাজার মনিটরিং করছি উল্লেখ করে শরীফুল আলম বলেন, গতকাল কারওয়ান বাজার পরিদর্শন করেছি, ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেছি। আজও দুটি বাজার পরিদর্শন করে ভোক্তাদের সন্তুষ্টির চিত্র দেখতে পেয়েছি। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে, জনগণের সন্তুষ্টির প্রতি সব সময় সজাগ থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায় টিকে থাকতে হলে লাভ করতে হবে, তবে অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের তদারকি ও উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি জানান, বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। এ সময় বিক্রেতারা জানান, বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।
মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ
বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেন। পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে নিয়মিত তদারকি ও সরবরাহ ব্যবস্থা সচল থাকলে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।



