বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠানের শ্রমিকরা। শনিবার (২ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে বহদ্দারহাট-কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল, যাতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
শ্রমিকদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। ২০২০ সাল থেকে টিফিন বিল বকেয়া রয়েছে। ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের টাকা দেওয়া হয়নি। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তাদের।
পুলিশের ভূমিকা
খবর পেয়ে শিল্প পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, 'আমি ঢাকায় অবস্থান করছি। তবে আমি খোঁজ খবর নিচ্ছি। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বেতনসংক্রান্ত জটিলতা থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন।'



