রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে অবস্থিত বিপাশা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় চোরেরা শাটারের মাঝ বরাবর বাঁকা করে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের দাবি, প্রায় ৮০-৯০ ভরি ওজনের রুপার গহনাসহ তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
দোকান মালিকের বর্ণনা
বিপাশা জুয়েলার্সের মালিক বাবলু ব্যাপারী জানান, বুধবার রাত পৌনে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে শাটারে তালা লাগিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফিরে এসে দেখেন শাটারটি বাঁকা এবং কিছুটা ফাঁকা হয়ে আছে। তালা খুলে ভেতরে ঢুকেই সবকিছু তছনছ অবস্থায় এবং শোকেইসের দুটি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। শোকেইসে সাজানো প্রায় ৮০ ভরি ওজনের রুপার গহনা নেই। এ ছাড়া আরও কয়েকটি রুপার গহনা ও ড্রয়ারে রাখা ৫ থেকে ৬ হাজার টাকা চুরি হয়। সবমিলিয়ে তিন লাখ টাকার জিনিসপত্র খোয়া গেছে। বেলা ১১টার দিকে তিনি বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানান।
পুলিশের তৎপরতা
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, চুরির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। চোরদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



