দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানো হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে করে বর্তমানে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রভাব
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের সিদ্ধান্ত
সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাত দিনে চার দফায় দাম কমানো
এর আগে গতকাল ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ২৮ এপ্রিল ২ হাজার ২১৬ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ সাত দিনের ব্যবধানে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম চার দফায় কমলো ৯ হাজার ৮৫৬ টাকা।
বিভিন্ন ক্যারেটের স্বর্ণের বর্তমান দাম
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।



