বগুড়ায় অবৈধভাবে পেট্রল ও অকটেন মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগে একটি দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের কাটনারপাড়া এলাকায় 'মা এন্টারপ্রাইজ' নামের ওই দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযান সূত্রে জানা গেছে, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় করোনেশন ইনস্টিটিউশনের পাশে 'মা এন্টারপ্রাইজ' নামে একটি অটোমোবাইলের দোকানে দীর্ঘদিন ধরে খোলাবাজারে বিক্রি নিষিদ্ধ পেট্রল ও অকটেন মজুত করে আসছিল।
অবৈধ মজুত ও বিক্রি
গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে ১৮০ লিটার পেট্রল ও অকটেনের মজুত পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক এই অবৈধ মজুত থেকে সরকার নির্ধারিত দর উপেক্ষা করে প্রতি লিটার ২০০ টাকা দরে জ্বালানি বিক্রি করছিলেন, যা অভিযানে থাকা কর্মকর্তারা হাতেনাতে প্রমাণ পান। এছাড়া দাহ্য পদার্থ বিক্রির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স বা ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্রও পাওয়া যায়নি।
জরিমানা ও জব্দ
মেহেদী হাসান বলেন, অনুমোদনহীনভাবে মজুত ও অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক বিপ্লবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা ১৮০ লিটার তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



