দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে।
সোনার নতুন দাম
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২১২ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।
আগের দামের তুলনা
আজ মূল্যবৃদ্ধির আগপর্যন্ত সোনার দাম ছিল: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত ছিল।
দাম কমানোর কারণ
মূলত বিশ্ববাজারে মূল্যহ্রাসের কারণে সোনার দাম কমানো হয়েছে। গোল্ডপ্রাইস ডটকমের তথ্যানুযায়ী, আজ প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৬৬৭ ডলার। এর আগে যখন দাম কমানো হয়, তখন দাম ছিল ৪ হাজার ৭০৪ ডলার। অর্থাৎ এ সময়ের মধ্যে সোনার দাম কমেছে ৩৭ ডলার।
তবে গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৫১ ডলার বেড়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে সোনার দাম কমেছে। এর কারণ হলো, সোনার দাম আগে থেকেই বাড়তি ছিল। ২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।
রুপার দামও কমেছে
আজ রুপার দামও কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এর আগে রুপার দাম ছিল ভরিপ্রতি ৬ হাজার ৬৫ টাকা।
সর্বোচ্চ দামের রেকর্ড
গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।



