ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি কিলোওয়াট-আওয়ারে (ইউনিট) সর্বোচ্চ ১ টাকা ৫২ পয়সা বাড়ানো হয়েছে। এতে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে।
নতুন দাম কার্যকর জুন থেকে
নতুন এই দাম জুন মাসের বিলিং চক্র থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
পাইকারি ও ট্রান্সমিশন চার্জও বাড়ল
একইসঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। ট্রান্সমিশন চার্জও ইউনিটপ্রতি ০ টাকা ৩১ পয়সা থেকে বেড়ে ০ টাকা ৩৮ পয়সা হয়েছে, অর্থাৎ ৭ পয়সা বেড়েছে।
এর আগে গত ২০ ও ২১ এপ্রিল বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে দুই দিনব্যাপী গণশুনানি করে বিইআরসি।
বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব
শুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ০ টাকা ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) ইউনিটপ্রতি ০ টাকা ৮৫ পয়সা, গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১ টাকা ৫৪ পয়সা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১ টাকা ৯৮ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডব্লিউজেডপিডিসিএল) ১ টাকা ৩৯ পয়সা এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ২ টাকা ৫ পয়সা দাম বাড়ানোর প্রস্তাব করে।



