বিদ্যুতের সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)। অর্থাৎ ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ১৯ পয়সা বা প্রায় ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বুধবার রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে এই প্রস্তাব উপস্থাপন করে সংস্থাটি।
পিডিবির পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব
একই শুনানিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে ৬২ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে এই ঘাটতি বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে পুরো খাত মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
বিরোধিতায় অংশীজনরা
তবে বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ বিভিন্ন অংশীজন। তাদের অভিযোগ, খাতের অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে। শুনানিতে অংশ নেওয়া বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। একই সঙ্গে উৎপাদন খাতেও নেতিবাচক প্রভাব পড়বে এবং উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।
আগামী শুনানি
এদিকে বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।



