বাংলাদেশ সরকার পাঁচ টাকা মূল্যমানের নতুন ডিজাইনের কারেন্সি নোট বাজারে ছেড়েছে। মঙ্গলবার অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটটির সম্মুখভাগের বাঁ পাশে তারা মসজিদ, ঢাকার ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে গ্রাফিতি-২০২৪-এর ছবি রয়েছে।
নতুন নোটের বৈশিষ্ট্য
অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এই নোটের আকার ১১৭ মিমি x ৬০ মিমি নির্ধারণ করা হয়েছে। নোটে জলছাপ হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ '৫' এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য দেখা যাচ্ছে।
নোটের বাঁ দিকে ২ মিমি চওড়া নিরাপত্তা সুতা রয়েছে, যা নোটের কাগজের ভেতর প্রবিষ্ট এবং আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকে দেখা যায়। এছাড়া নোটের সম্মুখভাগের নিচের ব্লিউইশ প্যাটার্নের ওপরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য 'BANGLADESH' মুদ্রিত রয়েছে।
প্রচলন ও সংগ্রহ
নতুন নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। অর্থ বিভাগ জানিয়েছে, নতুন ডিজাইনের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।
মুদ্রা সংগ্রাহকদের জন্য পাঁচ টাকা মূল্যমানের নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।



