অসুস্থ বাবার ঋণ শোধে ছেলের ব্যতিক্রমী মাইকিং, প্রশংসায় ভাসছেন
অসুস্থ বাবার ঋণ শোধে ছেলের ব্যতিক্রমী মাইকিং

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসুস্থ বাবার ঋণ পরিশোধ করতে এলাকায় মাইকিং করেন ছেলে মারুফ হোসেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা তিনি। তাঁর বাবা আবুর হোসেন (৯০) একজন বীর মুক্তিযোদ্ধা ও কাপড় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী।

ব্যতিক্রমী উদ্যোগ

প্রায় সাত মাস ধরে অসুস্থ আবুর হোসেন বাড়িতেই চিকিৎসাধীন। বয়স ও অসুস্থতার কারণে তাঁর ব্যবসাও বন্ধ হয়ে গেছে। এ সময় কিছু দেনা-পাওনা থেকে যায়। বাবার জীবদ্দশায় সব ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেন ছেলে মারুফ।

গতকাল শনিবার সকাল থেকে দিনভর উলিপুর উপজেলা শহর, বাজার ও বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করেন মারুফ। মাইকে তিনি বলেন, ‘আমার বাবা আবুর হোসেনের কাছে কারও কোনো পাওনা টাকা থাকলে দয়া করে যোগাযোগ করুন। আমরা বাবার সেই পাওনা পরিশোধ করতে চাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের প্রতিক্রিয়া

মারুফের এই উদ্যোগ স্থানীয় মানুষের দৃষ্টি কাড়ে। অনেকে রাস্তায় দাঁড়িয়ে মাইকিং শোনেন। ফেসবুকেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সততা ও পারিবারিক দায়িত্ববোধের বিরল উদাহরণ হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এখনকার সময়ে বাবার সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনা বেশি শোনা যায়। সেখানে একজন ছেলে বাবার ঋণ শোধ করতে নিজেই মানুষের কাছে আহ্বান জানাচ্ছে, এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

ধরণীবাড়ী এলাকার ব্যবসায়ী জরীফ উদ্দিন বলেন, অনেক মানুষ এখন নিজের দায় এড়িয়ে চলতে চান। কিন্তু এই ছেলে বাবার সম্মান রক্ষায় যেভাবে এগিয়ে এসেছেন, তা সমাজে ইতিবাচক বার্তা দেবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছেলের বক্তব্য

মারুফ হোসেন বলেন, ‘আমার বাবা সারা জীবন সততার সঙ্গে ব্যবসা করেছেন। আমি চাই না, তিনি কারও হক রেখে পৃথিবী থেকে বিদায় নেন। সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব বলে মনে করি।’ তিনি আরও বলেন, অনেক সময় মানুষ সংকোচের কারণে পাওনার কথা বলতে পারেন না। তাই কেউ যেন বঞ্চিত না হন, সে জন্যই তিনি নিজে থেকে মাইকিং করে সবার কাছে আহ্বান জানিয়েছেন।